রুশ মিত্র বেলারুশের কাছ থেকে সার কিনতে চান ট্রাম্প

কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জের

রুশ মিত্র বেলারুশের কাছ থেকে সার কিনতে চান ট্রাম্প

ফন্ট সাইজ:

দীর্ঘদিনের মিত্র কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধ তীব্র হওয়া বেশ বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সারের সংকটে দেখা দিতে পারে দেশটিতে। সংকট মোকাবিলায় রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের কাছ থেকে বড় পরিসরে সার কেনার উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রধান সরবরাহকারী দেশ কানাডাকে পাশ কাটিয়ে পটাশ আমদানির লক্ষ্যে মিনস্কের সঙ্গে ওয়াশিংটন একটি বিশাল চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে বলে নিশ্চিত করেন ট্রাম্প। এ খবর দিয়েছে গার্ডিয়ান।

সারের অন্যতম প্রধান রাসায়নিক উপাদান পটাশের সিংহভাগই আমদানি করে যুক্তরাষ্ট্র। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক বাজারে এর দাম রেকর্ড পরিমাণ বাড়ে। ২০২৪ সালের সরকারি হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট পটাশ আমদানির ৭৯ শতাংশই এসেছে কানাডা থেকে, বিপরীতে রাশিয়া থেকে ১১ শতাংশ এবং বেলারুশ থেকে এসেছিল মাত্র ৪ শতাংশ।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি বেলারুশের জোরালো সমর্থন এবং বিরোধী মতের ওপর কঠোর দমনপীড়ন থাকা সত্ত্বেও ওয়াশিংটন এখন মিনস্কের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে আগ্রহী। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দুই দেশের সম্পর্ক উষ্ণ করার অংশ হিসেবে সম্প্রতি বেলারুশ ২৫ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের দুটি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তবে বেলারুশের নির্বাসিত বিরোধী নেত্রী সভিয়াতলানা সিখানৌস্কায়া এই চুক্তিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে, সারের বাণিজ্য থেকে অর্জিত পুরো অর্থই অভ্যন্তরীণ দমনপীড়ন ও রুশ সামরিক কর্মকাণ্ডে ব্যয় করা হবে।