দিল্লিতে পুলিশ পরিচয়ে কিশোরীকে গণধর্ষণ

দিল্লিতে পুলিশ পরিচয়ে কিশোরীকে গণধর্ষণ

ফন্ট সাইজ:

পুলিশ পরিচয় দিয়ে দিল্লির এক পার্কে ১৭ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণ করেছে তিন নরপিশাচ। এ অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আসিফ। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, সোমবার দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে এ ভয়াবহ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ১৭ বছর বয়সী এক ছেলে বন্ধুকে সঙ্গে নিয়ে ওই কিশোরী গিয়েছিল কালকাজি মন্দিরে। সেখানে উপাসনার পর তারা সাড়ে সাতটার দিকে মন্দিরের কাছেই একটি পার্কে যায় ঘুরতে। সেখানে ওই তিন নরপিশাচ অবস্থান করছিল। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ওই কিশোর-কিশোরীকে দেখে তাদের কাছে এগিয়ে যায় তারা। নিজেদেরকে পুলিশ সদস্য বলে পরিচয় দেয়। তাদেরকে নানা রকম হুমকি দেয় তারা। পুলিশ বলেছে, এরপর ওই কিশোরীকে গণধর্ষণ করে। তাদের একজন আগ্নেয়াস্ত্র ও ছুরির ভয় দেখায়। গণধর্ষণের পর তারা তাদেরকে হুমকি দিয়ে যায়।

পুলিশ বলেছে, স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে তারা কালকাজি মন্দির ও ইস্কন মন্দিরের কাছ থেকে ধর্ষণের অভিযোগ সম্পর্কিত পিসিআর কল পায়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ধর্ষিতা দিল্লির একজন অধিবাসী। তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তার বক্তব্যের ওপর ভিত্তি করে আইনগত আরও পদক্ষেপ নেয়া হচ্ছে। ওই পার্ক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। ওই সময় পার্কে এবং এর আশপাশে কারা ছিলেন তা জানার চেষ্টা করছে তারা। অভিযুক্ত নরপিশাচদের গ্রেপ্তারে তদন্ত করতে বিভিন্ন টিম গঠন করা হয়েছে। আমর কলোনি, ডিএম অফিস রোডের কাছ থেকে ঘটনায় জড়িত একজনের বিষয়ে খবর পায় একটি টিম। পুলিশ তার মুখোমুখি হলে সে প্রকাশ্যে পুলিশের প্রতি গুলি ছোড়ে। তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো সত্ত্বেও সে তিন রাউন্ড গুলি ছোড়ে। এমন অবস্থায় পুলিশ তার ডান পায়ে গুলি করে। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম আসিফ। সে ওখলা মান্দিতে কাজ করে। পুলিশ এখন অন্য দু’ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।