অভিযানের মাস না যেতেই ফের অবৈধ ইটভাটা নির্মাণ

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটায় প্রশাসনের অভিযানে ভেঙে দেয়া অবৈধ ইটভাটা এক মাস না যেতেই ফের নির্মাণ শুরু হয়েছে। এতে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। জানা যায়, গত ১৬ই আগস্ট গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন পালের নেতৃত্বে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের নশিরারপাড়া গ্রামে অভিযান চালিয়ে এমএসবি ব্রিকস নামে একটি অনুমোদনহীন ইটভাটা চিমনিসহ গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানের এক মাস পার না হতেই ভাটা মালিক প্রকাশ্যে ফের পুনর্নির্মাণ কাজ শুরু করেছেন। এদিকে ওই ভাটার পাশেই কাঁঠালতলী এলাকায় টিএবি ব্রিকস নামে আরও একটি ইটভাটা পরিবেশ দূষণ করছে। কাঁঠালতলী-মহিমাগঞ্জ সড়ক ঘেঁষে গড়ে ওঠা এই দুই ভাটার মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া চলাচল করায় স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, গ্রামের মাঝখানে গড়ে ওঠা এই ইটভাটার কালো ধোঁয়ায় দীর্ঘদিন ধরে পরিবেশ দূষিত হচ্ছে। ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। নশিরারপাড়া-বড়াইকান্দি সড়কে চলাচলকারী আবু বক্কর ও আব্দুল মমিন বলেন, ইটভাটার কারণে এই এলাকা দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। সরকার ভেঙে দেয়ায় মনে আশা জেগেছিল, এখন আবার নির্মাণ শুরু করায় সেই কষ্ট থেকেই যাবে। এ বিষয়ে এমএসবি ইটভাটার স্বত্বাধিকারী ইনছার আলী বলেন, আমার কিছু বলার নেই। নানা কারণে দায়-দেনার মধ্যে আছি। ভাটা চালু করা ছাড়া পথ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।