জামায়াতে ইসলামীর ৩৪ জন সংসদ সদস্য (এমপি) একসঙ্গে বিদেশ সফরে গেছেন। তাদের অনেকের সঙ্গে পরিবারের সদস্যরাও রয়েছেন। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে— দলীয় কর্মসূচির অংশ হিসেবে এমপিরা একাধিক দেশ সফরে রয়েছেন। এটি তাদের এক ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের অংশ। যদিও দলটির এমপিদের একসঙ্গে এই সফর নিয়ে রাজনীতিতে কৌতূহল রয়েছে।
সূত্রমতে, সফরকারী দলের ৩৪ জন এমপি’র মধ্যে ২৫ জন পরিবারের সদস্যদের নিয়ে গেছেন। এছাড়াও রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরাসদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক এমপি ও সম্প্রতি জামায়াতে যোগ দেয়া মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান এবং লেখক জিয়াউল হক।
১৩ ও ১৪ই সেপ্টেম্বর দুই দফায় সফরকারী দলের সদস্যরা মালয়েশিয়ায় পৌঁছান। মালয়েশিয়া সফরে জামায়াতের এমপিদের সঙ্গে দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ও কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিক-বিষয়ক ব্যুরোর প্রধান মাসজলি মালিকের সাক্ষাৎ হয়েছে। ১৭ই সেপ্টেম্বর বৈঠকে সংস্কারপন্থি রাজনৈতিক দলগুলোর বৈশ্বিক চ্যালেঞ্জ, জনপ্রতিনিধিদের স্বচ্ছতা, সততা ও জবাবদিহি এবং অধ্যাপক জিয়াউদ্দিন সরদারের ‘পোস্ট-নরমাল টাইমস’ ধারণা নিয়ে আলোচনা হয়। পরে এমপিরা সিঙ্গাপুরে নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি পরিদর্শন ও একটি সিম্পোজিয়ামে অংশ নেন। সেখান থেকে তারা ফিলিপাইনে যান। এরপর বাহরাইন হয়ে সৌদি আরবে গিয়ে ওমরাহ্ পালন শেষে ৩০শে সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
এমপিদের সফরের বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা সফরে গিয়েছেন একটা সংস্থার আমন্ত্রণে। এটা একটা স্টাডি ট্যুর ছাড়া আর কিছুই না।
