গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৬৩ জনে দাঁড়ালো। একদিনে নতুন করে ১ হাজার ৩০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গে ২ জন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হামের উপসর্গে একজন করে আরও ২ জনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে দেশ জুড়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৬২ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে ১৫ই মার্চ থেকে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের সন্দেহজনক হাম (হামের উপসর্গ) শনাক্ত হয়েছে। সেইসঙ্গে এই সময়ে মোট ২০ হাজার ৬৪৬ জনের হাম শনাক্ত হয়েছে। গত ১৫ই মার্চ থেকে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
