পুলিশ পরিচয়ে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ পরিচয়ে অটোরিকশা থামিয়ে সাড়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দেয়ায় খান সাহেব নামে এক ব্যক্তিকে ধারালো কাঁচি দিয়ে মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে। তবে পুলিশ বলছে, এটি ছিনতাই নয়; পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনা। গত রোববার দুপুরে নবীনগর পৌরসভার আদালতপাড়ার ত্রিমুখী এলাকায় পদ্মপাড়া সড়কে এ ঘটনা ঘটে। আহত খান সাহেব উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহেবনগর পশ্চিমপাড়ার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, খান সাহেব তার ভাইয়ের বাসা থেকে সাড়ে ৭ লাখ টাকা নিয়ে অটোরিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথে ত্রিমুখী মোড় এলাকায় প্রায় আটজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশাটি থামান। পরে তারা জোরপূর্বক তার কাছ থেকে টাকা নিয়ে যান বলে অভিযোগ করা হয়। এ সময় বাধা দিলে তাদের সঙ্গে খান সাহেবের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি হামলাকারীদের একজনকে নবীনগর ব্যাপারীপাড়ার মাসুম নামে শনাক্ত করেন বলে পরিবারের দাবি।

পরে তাকে ধারালো কাঁচি দিয়ে মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে রোববার রাতে নবীনগর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজল কান্তি নাথ বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনা। এ বিষয়ে রোববার রাতেই থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।