বিরাট এক বহর নিয়ে জাপানের আইচি-নাগোয়ার এশিয়ান গেমসে অংশ নিতে এসেছে বাংলাদেশ। অংশ নেয়া ২২টি ডিসিপ্লিনে অ্যাথলেটের সংখ্যা ১৮৭। কর্মকর্তা এসেছেন ৭৩ জন। মাত্র দুইদিনে এর বেশির ভাগ ডিসিপ্লিনে অ্যাথলেটরা বিদায় নিয়েছেন। আর বিদায়টা হয়েছে লজ্জাজনকভাবে।
নাগোয়ার তৌহাসি জিমনেশিয়ামে কারাতের দুই ইভেন্টে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের দুই তারকা। ছেলেদের ৬৭ কেজি ওজন বিভাগের কুমিতে মনিরুল ইসলাম ৮-৩ পয়েন্টের ব্যবধানে হেরেছেন কাতারের ইয়ামান আলনাতশেহর কাছে। নারীদের ৬১ কেজি কুমিতে হুমায়রা আক্তার অন্তরা ৯-১ পয়েন্টের বড় ব্যবধানে হেরেছেন কাজাখস্তানের কানায় আসেলের কাছে। টেবিল টেনিস নারীদের দলগত লড়াইয়ে বড় ব্যবধানে হার উত্তর কোরিয়ার কাছে। কং কুম-কিমের কাছে সামান্তা তুশি, সং পিয়নের কাছে সোনাম সুলতানা সোমা, ইম জং চোর কাছে নওরীন মাহী হেরেছেন। প্রত্যেকটার ব্যবধান ৩-০। শুটিংয়ে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে যেতে পারেননি বাংলাদেশের তিন প্রতিযোগীর কেউই। ৬২৩ দশমিক ৯ স্কোর গড়ে অর্ণব শারার লাদিফ ২৫তম, ৬২২ দশমিক ৩ স্কোর গড়ে রবিউল ইসলাম ৩১তম এবং ৬২১ দশমিক ৩ স্কোর গড়া রাব্বি হাসান মুন্না ৩২তম স্থান পেয়েছেন। ইভেন্টে অংশগ্রহণ করেন ৪৬ প্রতিযোগী। ইভেন্টের শীর্ষ আটে চীনের তিন প্রতিযোগী জায়গা করে নিয়েছিলেন। নিয়মানুযায়ী তিনজনের মধ্যে একজনকে বাদ দিতে হয়। শীর্ষ আটে দক্ষিণ কোরিয়া ও ভারতেরও দুই জন করে ছিলেন। বাকি দুজন ছিলেন মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়ার। ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে চীন।
ভারত রুপা জিতেছে, দক্ষিণ কোরিয়া জিতেছে ব্রোঞ্জ পদক। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে মোহাম্মদ ইসলাম ২৪.৩৮ সেকেন্ড সময় নিয়ে দুই নম্বর হিটে ১০ জনের মধ্যে ষষ্ঠ হন। উশু ছেলেদের তাইজিয়াকুয়ান ও তাজিজিয়ান ইভেন্টে ১৫ প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের রুদ্র বিপ্লব ৯ দশমিক ০৫৩ পেয়েন্ট স্কোর করে তলানিতে ছিলেন। ইচিনোমিয়া সিটি জিমনেশিয়ামে ব্যাডমিন্টনে এককের লড়াইয়ে ভারতের লক্ষা সেনের কাছে আয়মান ইবনে জামান, আইয়ুশ শেঠীর কাছে গৌরব সিংহ, আল আমিন জুমার হেরেছেন। সবগুলো ব্যবধান ছিল ৩-০। দ্বৈতের লড়াইয়ে আয়মান ইবনে জামান-গৌরব সিংহ জুটি বেধে কোর্টে নেমেছিলেন হরিহরণ আমসাকারুনান-অর্জুন রামচন্দ্রানের বিপক্ষে। আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটি লড়েছেন সাইরাজ রঙ্কিরেড্ডি-চিরাগ শেঠীর বিপক্ষে। তিন শাটলারই হারলেন সরাসরি সেটে। টানা তিন সিঙ্গেলস হারের পর ডাবলসের লড়াইয়ে নামতে হয়নি। অনেক নাটক ও সমালোচনার জন্ম দেয়া বাংলাদেশের ব্যাডমিন্টনের মিশন শেষ হয়ে গেছে স্বল্প সময়ের মধ্যেই। ওসাকায় মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্বেই এশিয়াডের মিশন শেষ করেছে নারী ফুটবল দল। অন্যদিকে নারী হকি দল ৩-১ গোলে মালয়েশিয়ার কাছে পরাজিত হয়। আসরে এটি তাদের টানা দ্বিতীয় হার
