ফুটবল মাঠে জাদুকরি পারফরম্যান্সের জন্য বিশ্ব জুড়ে সমাদৃত লিওনেল মেসি। তবে এবার তিনি খবরের শিরোনাম হয়েছেন মানবিক এক কারণে। স্পেনের বার্সেলোনা শহরে শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য একটি বিশাল হাসপাতাল কমপ্লেক্স নির্মাণে ২৬ লাখ ইউরো (প্রায় ৩৬ কোটি ৬৬ লাখ টাকা) দান করেছেন এই ইন্টার মায়ামি তারকা ও ইউনিসেফের শুভেচ্ছাদূত। ফরাসি ওয়েবসাইট ‘ফুট মার্কাতো’ এই তথ্য জানিয়েছে।
বার্সেলোনার সান্ত জোয়ান দে দেউ কেন্দ্রে নির্মিত হতে যাওয়া এই বিশেষ হাসপাতালে প্রতি বছর অন্তত ৪০০ ক্যানসার আক্রান্ত শিশুকে চিকিৎসা দেয়া হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো একই ছাদের নিচে শিশু ক্যানসার চিকিৎসার সমস্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা, যাতে রোগীরা পূর্ণাঙ্গ ও সমন্বিত সেবা পায়।
মেসি তার দাতব্য সংস্থা ‘মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলা নিয়ে কাজ করে আসছেন। এর আগে তিনি নিজ জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, শিশুদের লিউকেমিয়া গবেষণা এবং মোজাম্বিকে অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক সহায়তা দিয়েছেন।
