সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটির কয়েকটি আসনের অংশবিশেষ পুড়ে গেলেও অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। রোববার দিবাগত রাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকার সার্ভিস লেনে এ ঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের মতো রেডিও কলোনি বাসস্ট্যান্ডের সার্ভিস লেনে ‘সাভার পরিবহনের’ একটি বাস পার্কিং করে রাখা ছিল। রাতের কোনো একসময় বাসটিতে আগুন জ্বলে ওঠে।
আগুন দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। পরে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, রাত ২টা ৫৫ মিনিটে রেডিও কলোনি এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের কয়েকটি আসনের অংশবিশেষ পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে থাকতে পারে। আগুন লাগার পরপরই বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে দাবি তাদের।
পরে ঘটনাস্থলে আগুনে পোড়া চিহ্ন ও ভাঙা কাঁচের টুকরো পড়ে থাকতে দেখা যায়। আগুনে পোড়া বাসটির মালিক হৃদয়। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নেয়া হয়। সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আসাদুজ্জামান বলেন, বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত বাসটি পাওয়া যায়নি। বাসটি কোথায় নেয়া হয়েছে, তা খোঁজার চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং বাসটি কীভাবে ঘটনাস্থল থেকে সরানো হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
