অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে হবিগঞ্জ-৫৫ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় হবিগঞ্জ বিজিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার শ্রীমঙ্গল সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাস। তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।
৫৫ বিজিবি সূত্রে জানা যায়, রোববার সকালে মোংলামবস্তি চা বাগানে টহল পরিচালনা করছিল বিজিবি’র একটি দল।
এ সময় সীমান্ত পিলার ১৯৩৯/এম- এর কাছাকাছি শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করা হয়। তিনি ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কর্মরত। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজিবি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করা হলে জানা যায়, তিনি প্রায় এক মাস ধরে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত। সুশান্ত বিজিবিকে জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে আসেন এবং একজন দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তার কাছ থেকে দু’টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দু’টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়। একই ব্যক্তির নামে দু’টি এনআইডি ও একাধিক পরিচয়পত্র থাকার বিষয়টিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। তথ্য যাচাই করা হচ্ছে বলে জানা গেছে। উদ্ধার করা মোবাইল ফোনসহ ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্রও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, তাকে ভারতে প্রবেশে সহায়তাকারী কথিত দালালের পরিচয় এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না— এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
