রাস্তা সংস্কার দাবিতে উত্তাল গোয়াইনঘাট, মানববন্ধন

রাস্তা সংস্কার দাবিতে উত্তাল গোয়াইনঘাট, মানববন্ধন

ফন্ট সাইজ:

সিলেটের গোয়াইনঘাট পিরিজপুর-সোনারহাট সড়ক দ্রুত সংস্কারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। মানববন্ধন পরবর্তী মিছিল সহকারে উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদের কার্যালয়ে তালা দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে গোয়াইনঘাট সরকারি কলেজ গেটসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলমান মানববন্ধন কর্মসূচিতে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা। সমাবেশের বক্তব্যে আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে উক্ত সড়কটির বিভিন্ন অংশ বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করা হলেও কার্যকর উদ্যোগ না পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ সময় বিক্ষুব্ধরা উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদের কার্যালয়ে গিয়ে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং অবিলম্বে বিতর্কিত প্রকৌশলী হাসিব আহমেদের শাস্তিমূলক বদলি দাবি করেন। বিক্ষুব্ধরা এ সময় ‘হাসিবের দুই গালে জুতা মারো তালে তালে’— এমন সেøাগানও দেয়। পরে আন্দোলনকারীরা গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সঙ্গে দেখা করেন। এ সময় নির্বাহী অফিসার আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্রুত সড়ক সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।