বান্দরবানকে মডেল জেলা গড়তে কাজ করছে পার্বত্য জেলা পরিষদ: ম্যামাচিং

বান্দরবানকে মডেল জেলা গড়তে কাজ করছে পার্বত্য জেলা পরিষদ: ম্যামাচিং

ফন্ট সাইজ:

বান্দরবানকে উন্নত, আধুনিক, সমৃদ্ধ ও সম্প্রীতির মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, নিরাপদ পানি ও স্যানিটেশন, সোলারসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে নেয়া হয়েছে নানা উদ্যোগ। জানা গেছে, নিজস্ব উন্নয়ন কর্মসূচির পাশাপাশি ২৮টি ন্যস্ত বিভাগের কার্যক্রমের সমন্বয় সাধনের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

এসব বিভাগের মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, ক্ষুদ্র ও কুটির শিল্প, যোগাযোগ, পানীয় জল ও স্যানিটেশন, সমাজকল্যাণ ও সমাজসেবা, ক্রীড়া ও সংস্কৃতি, স্থানীয় পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়ন। এসব কার্যক্রমের মাধ্যমে পাহাড়ি জনপদের মানুষের মৌলিক সেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস ম্যামাচিং একান্ত আলাপকালে বলেন, বান্দরবানকে শুধু অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে নয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, পর্যটন, মানবসম্পদ ও সামাজিক সম্প্রীতির ক্ষেত্রেও এগিয়ে নিতে আমরা কাজ করছি।

শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রেখে বান্দরবানকে একটি উন্নত, সমৃদ্ধ ও সম্ভাবনাময় মডেল জেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। জেলা পরিষদ সূত্র আরও জানায়, বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে বিদ্যুৎ ও আলোক সুবিধা নিশ্চিত করতে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় জনগণের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দেয়া হবে।