খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হোসেন হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোনাডাঙ্গায় ৩ ঘণ্টার সড়ক অবরোধ (ব্লকেড) কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে মেট্রোপলিটন পুলিশ ও কেসিসি প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ স্থগিত করা হয়। এর ফলে দুপুরের পর থেকে এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের পর এতদিনেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থী ইউনিভার্সিটির সামনের সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে তারা রাস্তার মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন এবং এতে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন এবং অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। অবরোধ চলাকালে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা ১টার পর কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ এবং খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন।
পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ খালেদ জানান, আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশের একাধিক অভিযান চলছে এবং খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে আদালতে তদন্তের অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করার প্রতিশ্রুতি দেন। পুলিশের এই সুনির্দিষ্ট আশ্বাসের পর শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বেলা দেড়টার দিকে অবরোধ প্রত্যাহার করেন।
