নলছিটিতে বৃক্ষরোপণ না করেই মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ

নলছিটিতে বৃক্ষরোপণ না করেই মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ

ফন্ট সাইজ:

ঝালকাঠির নলছিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বর্তমান সরকারের ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির কোনো বৃক্ষরোপণ না করেই মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে ১০টি ইউনিয়নের পরিষদ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ১৮০ দিনের আওতায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, গাছ না লাগিয়েই সংশ্লিষ্ট দপ্তরে অগ্রগতির মিথ্যা প্রতিবেদন পাঠানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী, কর্মসূচির আওতায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বৃক্ষরোপণ করে প্রতি মাসের ৩০ তারিখের মধ্যে তথ্য-প্রমাণসহ অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে ১০টি ইউনিয়ন ও এক পৌরসভায় বৃক্ষরোপণ না করেই মোট ১৮ হাজার ৫১৬টি বৃক্ষরোপণ করেছে বলে প্রতিবেদন দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে মগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন, কুলকাঠি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, সিদ্ধকাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজহারুল ইসলাম, রানাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাবু হোসেন, নাচনমহল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুর রহমান, কুশঙ্গল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আইয়ুব আলী হাওলাদার, মোল্লারহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু সালেহ এবং ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অহিদুল ইসলাম জানান, বরাদ্দ না থাকায় বৃক্ষরোপণ করা যায়নি।

উপজেলা পরিষদ থেকে জরুরি ভিত্তিতে প্রতিবেদন চাওয়ায় ইউনিয়ন পরিষদের সচিব তড়িঘড়ি করে প্রতিবেদন দাখিল করেছেন। বরাদ্দ পাওয়া গেলে বৃক্ষরোপণ করা হবে। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক প্রতীক কুমার কুণ্ডু বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।