কালিয়ায় পরিত্যক্ত একটি ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল বিকাল ৩টায় পৌরসভার মধ্য সিতারামপুর গ্রামের মৃত কালা চানের স্ত্রী সবুরুন্নেসার বাড়ির পূর্বপাশে পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে। সবুরুন্নেসার বাড়িতে দীর্ঘ পাঁচ বছর ধরে সুমন হাওলাদার ও তার স্ত্রী কাজল বেগম ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। পরিত্যক্ত ওই ঘরের একটা জানালা খোলা ছিল। বন্ধ আরেক জানালা দিয়ে একটি রশি বের করা ছিল। রশিটি অসাবধানতাবশত টান পড়লে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়ে ঘরের ভেতরে আগুন ধরে যায়। এ সময় পাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সাহায্য করে। কালিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জিজ্ঞাসাবাদের জন্য কাজল বেগমকে পুলিশ থানায় নিয়ে গেছে। কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা স্বীকার করেন।
১০ দিনেও মেলেনি নিখোঁজ শিশুর সন্ধান
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আবু নাঈম (১১) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। গত ৯ই সেপ্টেম্বর সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডোয়ার এলাকা থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। নিখোঁজ নাঈম শিলডোয়ার গ্রামের আবদুল হালিমের ছেলে। পরিবারের সদস্যরা জানান, ৯ই সেপ্টেম্বর সকাল ৬টার দিকে বাড়ির পাশের এলাকা থেকে বের হওয়ার পর থেকেই নাঈমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নির্ধারিত সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দিনভর খোঁজ করেও তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানান তারা। পরে নিখোঁজ শিশুটির সন্ধান চেয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আবু নাঈমের সন্ধান পেতে তারা সবার সহযোগিতা কামনা করছেন। কেউ শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
