সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি তালহা আহমেদ অভি (২৫) কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিকালে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তালহা আহমেদ অভিকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একইসঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে শনিবার বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা তালহা আহমেদ অভিকে আটক করে পুলিশে দেন। তিনি সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চলাচলকারী কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে তালহা চাঁদা দাবি করে আসছিলেন। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা দাবি করার অভিযোগ ওঠার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিকালে সুলেমানপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, ‘তালহা দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চাঁদাবাজি করে আসছে এমন অভিযোগ আমরা পেয়েছি। তার বিরুদ্ধে আরও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়ার পর বিষয়টি জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয়। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, ‘ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। তালহা আহমেদ অভির বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
