চট্টগ্রামে টিটন হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর নিউ মার্কেট এলাকায় পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে সীতাকুণ্ডের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো, মোহাম্মদপুরের বহিষ্কৃত যুবদল নেতা রিপন ওরফে রিপন মাস্টার এবং বাদল ওরফে কাইল্লা বাদল। চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, মোহাম্মদপুর থানা পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রাজধানীর নিউ মার্কেট এলাকায় গত এপ্রিলে টিটনকে গুলি করে হত্যার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, রাজধানীর বসিলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে তা না পেয়ে গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় রিপন ও বাদলকে খোঁজা হচ্ছিল। মোহাম্মদপুর থানা পুলিশের দেয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় একাধিক মামলা রয়েছে।
এর মধ্যে গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলাও রয়েছে। এ ছাড়া হত্যা, চাঁদাবাজি ও দখল-বাণিজ্যের অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।