সিলেটের বিশ্বনাথে ২০৩ বোতল বিদেশি মদসহ এক দম্পতিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার (মাঝপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো— নওধার (মাঝপাড়া) গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে আব্দুল হক (৫০) এবং তার স্ত্রী মোছা. রুজি বেগম (৩৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হক দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। এর আগেও তিনি একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। জামিনে বেরিয়ে তিনি পুনরায় স্ত্রীসহ মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। সম্প্রতি নিজ বাড়িতে বড় চালান মজুত করে তারা এলাকাটিতে হোম ডেলিভারিসহ বিভিন্ন স্পটে মাদক সরবরাহ করছিলেন।
গোপন সংবাদে বিশ্বনাথ থানা পুলিশ তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় আটক করা হয় আব্দুল হক ও তার স্ত্রীকে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পুকুরপাড়ের উত্তর-পূর্ব কোণের বাঁশঝাড়ে মাটির নিচে সুকৌশলে পুঁতে রাখা আরও ১৫৩ বোতল মদ জব্দ করে পুলিশ। ২০৩ বোতল মদের মধ্যে রয়েছে— ৩৭৫ মিলিলিটারের আইস বেয়ার ইট ভদকা ১১ বোতল, ৩৭৫ মিলিলিটারের এসি ব্ল্যাক হুইস্কি ৩ বোতল ও ১৮০ মিলিলিটারের অফিসার্স চয়েস প্রেস্টিজ হুইস্কি ১৮৯ বোতল। বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি গাজী মাহবুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
