তেহরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

দাবি ইরানের

তেহরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র আবারও তেহরানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর কার্যক্রম তদারককারী খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এই তথ্য জানিয়েছে।

খাতাম আল-আনবিয়া বলেছে, কয়েক মাস ধরে সরাসরি হামলা কমে যাওয়ার পর যুক্তরাষ্ট্র আবার হামলা শুরুর পরিকল্পনা করছে- এমন তথ্য তারা পেয়েছে।
রোববার এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে এর পাল্টা জবাব দেয়া হবে। একই সঙ্গে যেসব দেশ তাদের ভূখণ্ড বা স্থাপনা ব্যবহার করে মার্কিন হামলাকে সহায়তা করবে, তাদেরও ‘সহযোগী’ হিসেবে বিবেচনা করা হবে।

ডনাল্ড ট্রাম্প প্রশাসন অবশ্য বলছে, মাঝেমধ্যে কিছু সংঘর্ষ ঘটলেও সেগুলো আর ‘যুদ্ধ’ হিসেবে বিবেচিত হয় না। তবে ইরানের দাবি, গত মাসেও যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এরপর ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। দেশটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে আরও বেশি এবং নির্দিষ্ট হামলা চালানোর পাশাপাশি হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
ইরানের ওপর সামরিক চাপের পাশাপাশি যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপও বাড়িয়েছে। গত মাসে মার্কিন অর্থমন্ত্রী ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে একটি উদ্যোগের ঘোষণা দিয়ে বলেন, এর লক্ষ্য ইরানকে ‘শ্বাসরুদ্ধ’ করা।

এর পর থেকে সপ্তাহে কয়েকবার করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) ইরানি অর্থায়নকারী বাবাক জাঞ্জানির নিয়ন্ত্রণাধীন ডিজিটাল সম্পদ প্রতিষ্ঠান বিটব্যাংককে নিষেধাজ্ঞার আওতায় আনে।