২য় স্ত্রী মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে সোমবার সকাল ১১টায় উপজেলা সদরে উক্ত কর্মসূচি পালন করা হয়। জেসি কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তারা নজরুলের কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নুরনগর পাবলিক লাইব্রেরির আহ্বায়ক আবু ইউসুফ, ভুরুলিয়া সমবায় ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আবুল কালাম মোড়ল, তরুণ সমাজসেবক রেজাউল ইসলাম, আজু মোল্লা প্রমুখ। বক্তারা দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর জন্য নজরুলকে দায়ী করে অবিলম্বে তাকে আইনের আওতায় নেয়ার দাবি জানান। উল্লেখ্য, রোববার রাতে নজরুলের ন্যাম ফ্ল্যাটের বাসা থেকে মরিয়মের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় নজরুল ও তার প্রথম স্ত্রী একই বাসায় অবস্থান করছিলেন। এ ঘটনায় পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা খাতুনকে আটক করে।
