ব্যাটারি চুরি করতে গিয়ে জামাতার লাথিতে শ্বশুরের মৃত্যু

ব্যাটারি চুরি করতে গিয়ে জামাতার লাথিতে শ্বশুরের মৃত্যু

ফন্ট সাইজ:

মানিকগঞ্জ সদর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাতার লাথিতে সিদ্দিকুর রহমান (৪৮) নামের এক অটোচালক শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত মধ্য রাতে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জামাতা রাসেল মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত সিদ্দিকুর সাকরাইল এলাকার মৃত রূপচাঁন মিয়ার ছেলে ও অটোচালক ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত রাসেল একই উপজেলার পার্শ্ববর্তী বিশ্বনাথপুর এলাকার হাবিবুল্লাহ’র ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে শ্বশুর সিদ্দিকুরের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চুরি করতে যান জামাতা রাসেল।

এ সময় হাতেনাতে ধরা পড়লে শ্বশুর ও জামাতার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাসেল শ্বশুরকে সজোরে লাথি মারেন। লাথির আঘাতে সিদ্দিকুর মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে রাসেলকে আটক করে গণধোলাই দেন। পরে আহত সিদ্দিকুরকে দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।