নেত্রকোণার পূর্বধলায় আতিক হাসান নামে এক যুবক বাদী হয়ে জুয়েল (৩৪) ও ইদ্রিস মিয়া (৬২) গংদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। তবে স্থানীয়রা বলছেন, এ ঘটনার কোনো সত্যতা নেই। বাদী আতিক (৩৫) কুড়িকুনিয়া গ্রামারে বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, এজাহারে উল্লেখিত ঘটনার সঙ্গে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। চাঁদাবাজির দাবির পক্ষে কোনো প্রাথমিক প্রমাণও মেলেনি। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচন করে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন।
মামলার বাদী আতিক বলেন, জুয়েল গং বিভিন্ন সময় আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। তারই প্রেক্ষিতে ঘটনার দিন তারা আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে আমার কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। বাকি টাকার জন্য এখনো হুমকি দিচ্ছে। পূর্বধলা থানার ওসি আবদুল্লাহ আল-মামুন জানান, মামলা সংক্রান্ত কাগজপত্র হাতে এসেছে। তদন্ত প্রতিবেদন ও প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে অভিযুক্তদের বিষয়ে আদালতে রিপোর্ট প্রেরণ করা হবে।
