কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ ছাত্রী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা (২১) নামে এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শরীফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলে অভিযান চালানো হয়। এ সময় শরীফার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফা পুলিশকে জানিয়েছেন, হ্নীলা থেকে তার এক আন্টি পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন। পরে ইয়াবাগুলো তার হেফাজতে রাখা হয়। ওসি আরও বলেন, এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এদিকে সরকারি কলেজের মহিলা হোস্টেলটির পর্যাপ্ত কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই, হোস্টেলে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠে আবাসিক ছাত্রী হোস্টেলের এমন অব্যবস্থাপনা নিয়ে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। এসব বিষয়ে জানার জন্য কলেজ অধ্যক্ষ এবং হোস্টেল সুপারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কেউই মোবাইল রিসিভ করেননি।
