রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত করলেন হাইকোর্ট

রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত করলেন হাইকোর্ট

ফন্ট সাইজ:

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সভাপতির পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা স্মারকের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। সোমবার বিচারপতি কে. এম. কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। এদিন আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (ডিটিও) গত ১৪ই সেপ্টেম্বর এক স্মারকে রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বা মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করেন। ওই আদেশের বিরুদ্ধে গত ১৫ই সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আপিল ও স্থগিতাদেশের আবেদন জমা দেন রিহ্যাব সভাপতি মো. আলী আফজাল। তবে আপিল নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে রিট পিটিশন (নং ১৩৬২৬/২০২৬) দায়ের করেন।

রিটের শুনানি শেষে আদালত ১৪ সেপ্টেম্বরের স্মারকের কার্যকারিতা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন। একই সঙ্গে রিটকারীর দাখিল করা আপিল ও স্থগিতাদেশের আবেদন ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট, ২০২২-এর ২৪(২) ধারা অনুযায়ী দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে বাণিজ্য সচিবকে।