রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে আদালতে নেয়া হয়েছে। মরিয়মের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনের সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘নিহত মরিয়ম খাতুনের মরদেহ হস্তান্তরের জন্য গাড়ি প্রস্তুত করা হয়েছে। একইসঙ্গে দুই আসামি এমপি নজরুল ও মাকছুদাকে আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এখন আদালত যে কয় দিনের আবেদন মঞ্জুর করেন।’
এদিকে মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ রোববার রাতে তার মেয়ের মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মরিয়মের মরদেহ উদ্ধারের পর গাজী নজরুল ইসলাম ও মাকছুদাকে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নেয়া হয়েছিল। পরে মরিয়মের বাবার করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরিয়মের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
