ইরান তাদের প্রতিরোধ ও পাল্টা হামলার কৌশলে বড় ধরনের পরিবর্তন আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হোসেন মোহেব্বি জানান, যুদ্ধের ভৌগোলিক পরিধি এবং সামরিক সরঞ্জামের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হচ্ছে এবং এমন কিছু নতুন সমরাস্ত্র ময়দানে নামানো হবে যা দেখে গোটা বিশ্ব বিস্মিত হয়ে যাবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোহেব্বি আরও বলেন, তাদের লক্ষ্যবস্তুর তালিকাও আর আগের মতো সীমাবদ্ধ থাকবে না। পূর্বে আঘাত হানা হয়নি এমন বহু নতুন কৌশলগত স্থানকে এবার নিশানা করা হবে।
এদিকে হরমুজ প্রণালির ওপর দিয়ে ওড়ার সময় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোনকে সফলভাবে বাধা দিয়ে আকাশেই ধ্বংস করার দাবি করেছে আইআরজিসি। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোনগুলো বিপুল সংখ্যায় হারানোর পর বাধ্য হয়ে অবসরপ্রাপ্ত এমকিউ-১ ড্রোন পুনরায় যুদ্ধে নিয়োজিত করেছে। আইআরজিসির নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এ দুই ধরনের মার্কিন ড্রোনকেই ধারাবাহিকভাবে শিকার করা হচ্ছে বলেও দাবি করা হয়। মার্কিন বিমানবাহিনী ২০১৮ সালে এমকিউ-১ প্রিডেটর ড্রোনটি আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠিয়েছিল।
