অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তরাঞ্চলে অত্যন্ত সুপরিকল্পিত ও অভিনব কায়দায় অন্তত ৮ লাখ মৌমাছি চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তিনটি ভিন্ন ভিন্ন খামার থেকে ৪৪টি মৌচাক কলোনি চুরি হয়ে গেছে, যার আর্থিক মূল্য হাজার হাজার ডলার। ক্ষতিকর পরজীবী ভ্যারোয়া মাইটের আক্রমণের মুখে পড়ে স্থানীয় মৌচাষিরা যখন দিশাহারা, ঠিক সেই মুহূর্তে এই চুরির ধাক্কা পুরো খাতে চরম সংকট ডেকে এনেছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
স্থানীয় মৌচাষি টম বিডনার জানান, প্রতিটি বাক্সে গড়ে অন্তত ২০ হাজার মৌমাছি থাকে এবং এখনো বহু স্থানে তল্লাশি চালানো বাকি রয়েছে। ফলে খোয়া যাওয়া মৌমাছির সংখ্যা আরও বাড়তে পারে। চোরেরা কোনো সাধারণ অপেশাদার নয়, বরং এই শিল্পের সঙ্গে যুক্ত অত্যন্ত দক্ষ কেউ বলে ধারণা করা হচ্ছে। দূর থেকে যাতে সন্দেহ না হয়, সেজন্য চোরেরা পুরো মৌবাক্স তুলে না নিয়ে শুধু মৌমাছি থাকা অভ্যন্তরীণ ফ্রেমগুলো সরিয়ে নিয়ে তাদের নিজস্ব বাক্সে ভরে নেয় এবং আগের বাক্সগুলো আগের জায়গায় রেখে যায়। এমনকি বাক্সে থাকা মধু তারা স্পর্শও করেনি।
বর্তমানে অঞ্চলটিতে অ্যাভোকাডো ফলের মৌসুম চলায় পরাগায়ন চুক্তির অধীনে বিভিন্ন বাগানে এসব মৌবাক্স বসানো হয়েছিল। মৌমাছি হারিয়ে যাওয়ায় চাষিরা পরাগায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি হারাচ্ছেন, অন্যদিকে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েছেন বাগানমালিকরা। পুলিশ জানিয়েছে, বাণিজ্যিক স্বার্থেই কোনো প্রতিপক্ষ খামারি এই অভিনব চুরির ঘটনা ঘটিয়েছে।
