সৌদি আরবে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সৌদি আরবে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

ফন্ট সাইজ:

সৌদি আরবের আল-আহসা গভর্নরেটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ সদস্যসহ মোট ৯ জন প্রাণ হারিয়েছেন। আল-উকায়ির ও আল-উয়ুন সংযোগ সড়কে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সৌদি গেজেটের বরাতে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয় একটি গাড়িতে থাকা একই পরিবারের বাবা, মা, তিন ছেলে এবং দুই মেয়েসহ সাতজনই ঘটনাস্থলে নিহত হন। অপর গাড়িতে থাকা দুই তরুণ আরোহীও প্রাণ হারিয়েছেন। পূর্বাঞ্চলীয় প্রদেশ ট্রাফিক বিভাগ জানিয়েছে, তীব্র গতির একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লেন পরিবর্তন করায় এই মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর ভেতর থেকে সবার মরদেহ উদ্ধার করে।