স্লোভেনিয়ায় জানালা থেকে পড়ে সঙ্কটজনক পোল্যান্ডের কূটনৈতিক নিরাপত্তা প্রধান

স্লোভেনিয়ায় জানালা থেকে পড়ে সঙ্কটজনক পোল্যান্ডের কূটনৈতিক নিরাপত্তা প্রধান

ফন্ট সাইজ:

স্লোভেনিয়ায় সঙ্কটজনক অবস্থায় আছেন পোল্যান্ডের ডিপ্লোমেটিক সিকিউরিটি ব্যুরোর প্রধান কর্মকর্তা। তিনি সম্প্রতি একটি ভবনের তৃতীয় তলার জানালা দিয়ে নিচে পড়ে যান। এ সময় তিনি ছুটিতে ব্যক্তিগত অনুষ্ঠানে ছিলেন। তাও মিশনের কোন ভবনে নয়। মিশনের কাছে একটি আবাসিক ভবনে। তিনি গুরুতর আহত হলেও ঘটনাস্থলে স্লোভেনিয়ার পুলিশ বা উদ্ধারকর্মী কাউকে প্রবেশের অনুমতি দেয়নি পোল্যান্ড। বলেছে, তারাই এ ঘটনার তদন্ত করবে। তবে পরিস্থিতিকে গুরুতর সন্দেহজনক বলে বর্ণনা করে এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পোলিশ পার্লামেন্টের নিম্নকক্ষ সেজমের ডেপুটি স্পিকার ক্রিশতোফ বসাক। স্থানীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরটি। এতে বলা হয় স্লোভেনিয়ায় কূটনৈতিক মিশনের পাশের একটি ভবনের তৃতীয় তলার জানালা থেকে পড়ে যান পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। ১৩ই সেপ্টেম্বর রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটলেও খবর প্রকাশ হয় বিলম্বে। কয়েক দিন পর বিষয়টি প্রকাশ্যে আসে।

পোলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আহত ব্যক্তি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোমেটিক সিকিউরিটি ব্যুরোর প্রধান। এই ব্যুরো পোল্যান্ডে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্থাপনা এবং বিদেশে দেশটির কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ওই কর্মকর্তা জানালা থেকে পড়ে যাওয়ার পর থেকে স্লোভেনিয়ার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। পোলিশ সংবাদপোর্টাল জেরো.পিএল জানিয়েছে, ওই কর্মকর্তা আরও কয়েকজনের সঙ্গে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ছিলেন। নিয়েজালেজনা ডট পিএল’কে বলেন, তিনি ছুটিতে ছিলেন। ব্যক্তিগত সময়ে ওই ব্যক্তি কূটনৈতিক মিশনের পাশের একটি অ্যাপার্টমেন্টে ছিলেন। সেখানেই দুর্ঘটনাটি ঘটে।

ছুটিতে থাকা সত্ত্বেও ওই কর্মকর্তা একটি কূটনৈতিক প্যাকেজ সংগ্রহ করেন এবং কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছাড়াই সেটি পরবর্তী গন্তব্যে পৌঁছে দেয়ার কথা ছিল বলে জানা গেছে। পোলিশ মিশন অনুমতি না দেয়ায় স্লোভেনিয়ার পুলিশ কূটনৈতিক স্থাপনায় প্রবেশ করতে কিংবা ঘটনাস্থল পরিদর্শন করতে পারেনি বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। পোলিশ পক্ষ বলেছে, তাদের নিজস্ব তদন্তকারীরা ঘটনাস্থল পরীক্ষা করবেন এবং ঘটনার কারণ অনুসন্ধান করবেন। টিভি স্লোভেনিজা’র সাংবাদিক মার্কো সাকসিদা এ কথা জানিয়েছেন।

পোলিশ সেজমের ডেপুটি স্পিকার ক্রিশতোফ বসাক ঘটনাটির পরিস্থিতিকে সন্দেহজনক বলে বর্ণনা করেছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাসংশ্লিষ্ট পদগুলোতে প্রায়ই নিরাপত্তা সংস্থার লোকজনকে নিয়োগ দেয়া হয়। কেউ যদি কোনো কূটনৈতিক মিশনের একটি জানালা থেকে পড়ে যান এবং পরে জানা যায় যে তিনি ছুটিতে ছিলেন ও কোনো ধরনের একটি প্যাকেজ বহন করছিলেন, তাহলে বিষয়টি আর শুধু রহস্যজনক থাকে না; এটি অত্যন্ত, অত্যন্ত সন্দেহজনক হয়ে ওঠে।

স্লোভেনিয়ায় পোল্যান্ডের মিশনের নেতৃত্বে রয়েছেন চার্জ দ্য অ্যাফেয়ার্স লেশেক সোচেভিৎসা। পোলিশ সংবাদমাধ্যম তাকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি’র ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে বর্ণনা করেছে। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে পোল্যান্ডে আরেকটি আলোচিত নিরাপত্তা বিতর্ক তৈরি হয়। সে সময় দেশটির জাতীয় পুলিশ প্রধান ইয়ারোস্লাভ শিমচিক ওয়ারশতে পুলিশ সদর দপ্তরের ভেতরে একটি গ্রেনেড লঞ্চার বিস্ফোরণের পর হাসপাতালে ভর্তি হন। ইউক্রেনীয় কর্মকর্তারা তাকে উপহার হিসেবে অস্ত্রটি দিয়েছিলেন। শিমচিক জানিয়েছিলেন, তাকে নিশ্চিত করা হয়েছিল যে অস্ত্রটিতে কোনো গোলাবারুদ ছিল না। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা সামরিক সরঞ্জাম পোল্যান্ডে নিয়ে এসে নিজের কার্যালয়ে রাখার সিদ্ধান্তের সমালোচনা করেন।