জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন

জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন

ফন্ট সাইজ:

চলতি বছরে নির্বাচন কমিশনের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকলেও সম্ভব হচ্ছে না। কবে অনুষ্ঠিত হবে সেটাও এখনো নির্ধারণ করতে পারেনি ইসি। তবে নির্বাচন সংশ্লিষ্টদের ধারণা- আগামী বছরের জানুয়ারিতে ইউপি নির্বাচন দিয়ে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। এ বিষয়ে গতকাল নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এমনই আভাস দেন। তিনি আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন।

তিনি বলেন, নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সময়ে নির্বাচন আয়োজন থেকে সরে আসছে কমিশন। ফলে ইউপি নির্বাচন জানুয়ারিতে গড়াতে পারে। ইসি সূত্রে জানা যায়, আগামী ১২ই নভেম্বরকে সামনে রেখে প্রাথমিকভাবে নির্বাচনের একটি পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরবর্তী আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর পরিস্থিতি বিবেচনায় ওই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় কমিশন। বিশেষ করে নভেম্বর ও ডিসেম্বরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা থাকায় ভোটকেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। একইসঙ্গে শিক্ষকদের নির্বাচনী দায়িত্বে যুক্ত করা নিয়েও সমস্যা দেখা দিতে পারে।

ইসি মাছউদ বলেন, নভেম্বরের ১২ তারিখে প্রাথমিক নির্বাচনের শিডিউল ঘোষণা করার সিদ্ধান্ত ছিল। সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র এবং শিক্ষকদের দায়িত্ব পালনের কথা রয়েছে। এসব বিবেচনায় ওই সময়ে ভোট করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের জন্য আগামী ২৩, ২৪ ও ২৫শে সেপ্টেম্বর যে সংলাপের কথা ছিল, সেটিও বাতিল করেছে কমিশন। ইউপি নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে রাজনৈতিক দল, সম্ভাব্য প্রার্থী ও স্থানীয় পর্যায়ের অংশীজনদের মধ্যে আগ্রহ রয়েছে। নির্বাচন কমিশন এখন ভোটের সময় নির্ধারণ, কেন্দ্র ব্যবস্থাপনা, জনবল এবং অন্যান্য প্রস্তুতির বিষয়গুলো বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।

এদিকে, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নভেম্বর থেকে শুরু করতে চাওয়া নির্বাচন কমিশনের (ইসি) পরিকল্পনার বিরোধিতা করেছেন সচিবরা। ওই সময়ে নির্বাচন আয়োজনে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন তারা। এসব দিক বিবেচনায় নিয়ে জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরুর পরামর্শ দিয়েছেন প্রায় সব সচিব। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গত ৩১শে আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এরমধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। জানুয়ারিতে ভোট করতে হলে মিনিমাম ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। এ জন্য নভেম্বরে তফসিল ঘোষণা করা লাগবে।