ডাকাতেরা গিলে খায় দেশ আর আজমুল খুন হয় এক মুঠো ভাতে

ডাকাতেরা গিলে খায় দেশ আর আজমুল খুন হয় এক মুঠো ভাতে

ফন্ট সাইজ:

ছাদের কার্নিশে তখনো হয়তো কয়েকটা ভাতের দানা লেগে ছিল। আজমুলের জমাট বাঁধা রক্ত আর ভাতের ফ্যান মিশে অদ্ভুত এক সাদা-লাল আল্পনা এঁকেছে আমাদের এই তথাকথিত সভ্যতার গালে। অপরাধ? সে এক প্লেট ভাত চুরি করে খেয়েছিল। একটা জলজ্যান্ত মানুষের জীবনের দাম এই স্বাধীন ভূখণ্ডে আজ এক প্লেট ভাতের চেয়েও সস্তা! তোমরা আজমুলকে ছাদে নিয়ে পিটিয়ে মারলে! তোমাদের বুকে এতটুকু কাঁপন ধরলো না? আজমুল তো পেটের আগুনে পুড়ে স্রেফ কয়েক গ্রাস ভাত গিলেছিল! সে তো আর তোমাদের মতো, তোমাদের ওই সুট-টাই পরা সিস্টেমের মতো পুরো দেশটাকে গিলে খায়নি!

যারা কলমের এক খোঁচায় আস্ত ব্যাংক গিলে খায়, যারা সুইস ব্যাংকে টাকার পাহাড় জমায়, যারা দেশের নদী, মাটি আর খনিজ সম্পদ চিবিয়ে খেয়ে নির্লজ্জের মতো ঢেঁকুর তোলে-তাদের দেখলে তো তোমাদের মেরুদণ্ড বেঁকে নব্বই ডিগ্রি হয়ে যায়। তাদের দেখলে তোমরা জিভ বের করে পা চাটতে যাও, তাদের প্রটোকল দাও, স্যালুট ঠোঁকো। হাজার কোটি টাকা চুরি করা ডাকাতগুলো তোমাদের কাছে ভিআইপি! আর পেটের দায়ে একটা ভুখা মানুষ যখন এক মুঠো ভাতে হাত দেয়, তখন তোমাদের ভেতরে লুকিয়ে থাকা পিশাচটা জেগে ওঠে। তোমাদের সমস্ত পৌরুষত্ব গিয়ে আছড়ে পড়ে ওই হাড্ডিসার, নিরন্ন মানুষটার ওপর!

আজমুল আসলে ভাত খায়নি, ও আমাদের এই পচে যাওয়া, দুর্গন্ধযুক্ত সমাজব্যবস্থার মুখে একদলা থুতু ছিটিয়ে দিয়ে গেছে। ও প্রমাণ করে দিয়ে গেছে, এই ভূখণ্ডটা এখন আর মানুষের নেই, এটা একটা বিশাল কসাইখানা। এখানে খিদে পাওয়াটা সবচেয়ে বড় রাষ্ট্রদ্রোহিতা। পেটে খিদে নিয়ে জন্মালে তার শাস্তি সোজা মৃত্যুদণ্ড। ওই ছাদের ওপর আজমুলকে মারার জন্য কোনো আইনের দরকার হয়নি, তোমাদের ওই অন্ধ আক্রোশ আর পৈশাচিক উল্লাসই যথেষ্ট ছিল।

ছাদের ওপর আজমুলের নিথর দেহটা কেবল লাশ বললে ভুল হবে, আমাদের সবার নপুংসকতার সার্টিফিকেট। আমরা যারা প্রতিদিন খবরের কাগজ পড়ে চায়ের কাপে চুমুক দিই আর দেশপ্রেমের বুলি আওড়াই, আমরা প্রত্যেকে ওই আজমুলের খুনি। আমাদের নীরবতা ওই খুনিগুলোর হাতের লাঠি হয়ে আজমুলের পাঁজর ভেঙেছে।
আজমুলের রক্তমাখা ওই ভাতের দানাগুলো একদিন বিষাক্ত বীজ হয়ে জন্ম নেবে এই দেশের মাটিতে। সেদিন তোমরা যারা আস্ত দেশটাকে গিলে খাচ্ছো, তোমাদের পেট চিরে ওই ভাতগুলোই আগ্নেয়গিরি হয়ে বেরিয়ে আসবে।

আজমুল, তুমি ক্ষমা করো না। এই নির্লজ্জ, পিশাচের দল তোমাকে এক মুঠো ভাত চুরির দোহায় দিয়ে বুকের হাড় গুঁড়িয়ে দিয়েছে। তুমি অভিশাপ দাও আজমুল! তোমার পেটে যাওয়া ওই শেষ ভাতের গ্রাসগুলো যেন এই সভ্যতার বুকে একেকটা বারুদ হয়ে যায়!