নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রবেশপথ ও প্রধান সড়কে ২০০টির বেশি চেকপোস্ট, বাড়তি টহল ও তল্লাশি, পিকেট ডিউটি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার মধ্যেই একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার পর্যন্ত রাজধানীর মিরপুর, মধ্য বাড্ডা, মাতুয়াইল ও কেরানীগঞ্জে ৫টি বাস ও একটি পিকআপে আগুন দেয়া হয়। একাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় পর পর এসব বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নগর জুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয় ছয়জনকে। গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।
এর আগে, ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পর রাজধানীর নিরাপত্তা জোরদার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ পয়েন্ট, উড়াল সড়ক ও ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে ২০০টির বেশি চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। বিশেষ নজর দেয়া হয় মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহনের ওপর। পাশাপাশি নিয়মিত টহলের সঙ্গে বাড়ানো হয় মোবাইল, পায়ে হেঁটে ও মোটরসাইকেল টহল এবং পিকেট ডিউটি। বড় ধরনের অপরাধ বা নাশকতা ঠেকাতে ডিবি, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও এপিবিএনের সদস্যদেরও বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়।
এরই মাঝে গতকাল পল্লবীতে পরিস্থান পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সোয়া ৭টার দিকে পল্লবী থানাধীন সিরামিক রোডে পার্কিং করা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টিপাতের মধ্যে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন জ্বলছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ভোর সোয়া ৭টার দিকে বৃষ্টির মধ্যে পরিস্থান পরিবহনের একটি পার্কিং করা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখছি।
এরপর দুপুর দেড়টার ঢাকায় হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ও মৎস্য ভবন মোড়ে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, বেলা দেড়টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ও মৎস্য ভবন মোড়ে পর পর দু’টি বিস্ফোরণ ঘটে। ডিএমপি’র রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, দুপুর ১টার কিছু পর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, শনিবার রাত ১টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পাশে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। কদমতলী থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন জানান, কদমতলী থানার শান্ত ফিলিং স্টেশনের পাশে প্রধান সড়কে ঠিকানা পরিবহনের একটি বাস পার্কিং অবস্থায় ছিল। ওই সময় চালক বাসে ঘুমাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
একই দিন রাত পৌনে ১১টার দিকে পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশন সংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে- সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি।
এর আগে, রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের ভেতরে ২ নম্বর প্ল্যাটফরমে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে মূল সড়কের ওপর জব্দ করে রাখা পিকআপটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে পোস্তগোলা ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা জানান, দুই নম্বর প্ল্যাটফরমের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে, ককটেল বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪ জন, আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টাকালে এক যুবলীগ নেতা এবং ধানমণ্ডিতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টায় যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি ওয়ারী বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- বংশাল থানার ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) এবং আব্দুল্লাহ (২৮)। গতকাল ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি’র ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোল্লা মো. শাহীন।
আজিমপুরে বাসে আগুন দেয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার: রোববার রাত ২টা ১৫ মিনিটের দিকে আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসে আগুন দেয়ার চেষ্টা করে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে এক যুবলীগ নেতা। বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। একই সময়ে টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে তাকে হাতেনাতে আটক করেন। এ সময় স্থানীয়রা মারধর করলে শাওনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম থাকাকালে শাওন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করতো। বর্তমানে সে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত বছরের ৫ই এপ্রিল পিতার মৃত্যুর পর সে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে উবার চালাচ্ছিল। পাশাপাশি যুবলীগের কার্যক্রমের সঙ্গে জড়িত হয়। এখানে সে লালবাগ থানার মহিলা আওয়ামী লীগের নেত্রী সেতু চৌধুরীর সঙ্গে সখ্যতা গড়ে তুলে তার বাসায় ভাড়া থাকে। একজন আওয়ামী লীগ নেতার নির্দেশে অজ্ঞাতনামা ১০-১৫ জন সহযোগীসহ আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসে আগুন দিতে গেলে বাসের স্টাফ ও স্থানীয় লোকজন পিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। এ প্রসঙ্গে লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন মানবজমিনকে বলেন, শাওনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে, গতকাল দুপুর ২টার দিকে নাশকতামূলক কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে ধানমণ্ডিতে শফিকুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে ধানমণ্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, দুপুরে শফিকুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
