নড়াইলে আদালতে মামলায় হাজিরা দিতে এসে আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বার থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), মো. আমিনুর শিকদার (৫৬), মো. হাফেজ শেখ (২৫), মো. তৈয়বুর রহমান (৫৫), মো. সেকেন্দার আলী (৫৮), মো. হাসানুর রহমান (৫৫), মো. রিয়াজুল শিকদার (২৭), মো. আরিফুল শেখ (২২), মো. তারেক শেখ (৩২), মো. জুলফিকার রহমান (৪০) ও মো. শরিফুল মোল্যা (৪০)। তারা সবাই নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, রোববার দুপুরে ওই ব্যক্তিরা একটি মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে আসেন। হাজিরা দেয়ার আগে তারা আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দা সহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
