চট্টগ্রামের সীতাকুণ্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখল ও স্থাপনা নির্মাণ, জাল দলিল সৃজন এবং ফেসবুকে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ ওঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. ওমর ফারুক। গত শনিবার দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
ওমর ফারুক বলেন, আব্দুল হক ও নুরুল হক ২০১৩ সালের ৩০শে ডিসেম্বর সীতাকুণ্ড সাবরেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে সংশ্লিষ্ট সম্পত্তি বিক্রি করেন। পরবর্তীতে আব্দুল হক মারা যাওয়ার পর তার ওয়ারিশরা ওই সম্পত্তিতে দখল ও স্থাপনা নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। তিনি জানান, সম্পত্তির স্বত্ব ঘোষণা ও দলিল বাতিলের দাবিতে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ১২০/২০২৪ নম্বর মামলা করা হয়েছে। মামলায় আদালত আব্দুল হকের ওয়ারিশদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন বলেও দাবি করেন তিনি।
ওমর ফারুকের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তার ও মো. আবু তাহেরের বণ্টননামা ও নামজারিভুক্ত ৪ দশমিক ১৭ শতক এবং মাসুদ পারভেজ সাহেদের দলিলভুক্ত ১ দশমিক ৫১ শতক সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ফেসবুকে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তদন্ত করে আদালতের আদেশ বাস্তবায়ন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান ওমর ফারুক। সংবাদ সম্মেলনে মো. আবু তাহের, নাঈম উদ্দীন, মাসুদ পারভেজ সাহেদ, মো. সোহেল, মো. ওয়াহিদ ও মো. তৈয়ব উদ্দিন উপস্থিত ছিলেন।
