সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রোববার কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন করা হয়। জেলা যুবদলের কমিটিতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মহানগর যুবদলের কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এদের মধ্যে মকসুদ আহমদ ও মির্জা মোহাম্মদ সম্রাট জেলা ও মহানগর যুবদলের আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। মহানগর যুবদলের নতুন সাধারণ সম্পাক হওয়া দেলোয়ার হোসেন দিনার মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
জেলা ও মহানগরের আংশিক কমিটিতে পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে। জেলার দায়িত্বশীলরা হলেন- সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব। মহানগর যুবদলের সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
উভয় কমিটির দায়িত্বশীলদের ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এরআগে ২০২২ সালের ১০ই সেপ্টেম্বর ভোটের মাধ্যমে জেলা যুবদলে মোমিনুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে মহানগর যুবদলে শাহনেওয়াজ বখত চৌধুরী সভাপতি ও মির্জা মো. সম্রাট হোসেন সাধারণ সম্পাদক হন। এর দুই বছর পর ২০২৪ সালের ১৯শে সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা যুবদলের কমিটি করা হয় ২৯১ জনের এবং মহানগর যুবদলের কমিটি ৩০১ সদস্যবিশিষ্ট করা হয়।
এ বিষয়ে মকসুদ আহমদ মানবজমিনকে বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজপথে থেকে বিগত আন্দোলন সংগ্রাম করেছি। ত্যাগের মূল্যায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
