২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ, উৎপাদনে ফিরতে আরও ১৫ দিন

ফন্ট সাইজ:

দীর্ঘ ২১৬ দিন বন্ধ থাকার পর জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গ্যাস সংকটের কারণে গত ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী এই কারখানাটি পুনরায় সচল হওয়ার পথে থাকায় স্বস্তি ফিরেছে কর্মকর্তা-কর্মচারী ও কৃষি সংশ্লিষ্টদের মধ্যে। রবিবার বিষয়টি নিশ্চিত করেন কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন।

এর আগে, শনিবার রাত থেকে কারখানাটিতে গ্যাস সরবরাহ শুরু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। তবে গ্যাস পেলেও উৎপাদন শুরু করতে আরও অন্তত ১৫ দিন সময় লাগবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। কারখানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। যমুনা সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদন করা হয়। উৎপাদিত এই সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়। দীর্ঘদিন পর কারখানায় গ্যাস সরবরাহ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী ১৫ দিনের মধ্যে কারখানাটি পুনরায় উৎপাদনে ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, গ্যাস সরবরাহ শুরু হলেও কারখানা সচল করে উৎপাদনে যেতে অন্তত ১৫ দিন সময় লাগবে।