শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দু’টি অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল পৌনে ৬টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র চকপাড়া বিওপি’র ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে অভিযানে টহল দল মালিকবিহীন ১টি মোটরসাইকেল উদ্ধার করে। এ ছাড়া একইদিন সকাল পৌনে ৯টার দিকে অপর একটি অভিযানে আজমতপুর বিওপি’র ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামে অভিযানে টহল দল মালিকবিহীন ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”