ভৈরবে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের ভৈরবে পুকুরে গোসল করতে নেমে হেলাল উদ্দিন ভূঁইয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ভূঁইয়া ঘোড়াকান্দা এলাকার মৃত জিন্নাত আলী ভূঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে হেলাল উদ্দিন পঞ্চবটি রেলওয়ের পুকুরে গোসল করতে নামেন। তিনি পানিতে একটি ডুব দেয়ার পর দ্বিতীয় ডুব দিয়ে আর উঠে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। নিহতের ছেলে সুজন মিয়া জানান, পরিবারে হেলাল উদ্দিনের তিন ছেলে রয়েছে। তার বাবা দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। সে কারণে তাকে বাড়ি থেকে একা বের হতে দেয়া হতো না। তবে রোববার ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে নামাজ পড়েন।

পরে সকালে গোসল করতে পুকুরে নামেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হুসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।