নবাবগঞ্জে নসিমন-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২

ফন্ট সাইজ:

ঢাকার নবাবগঞ্জে নসিমন ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাকিব (২০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার ঢাকা-নবাবগঞ্জ সড়কের পানালিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার বান্দুরা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি সাউন্ড সিস্টেম অপারেটিংয়ের কাজ করতেন। রোববারই বদলি চালক হিসেবে নসিমনটি চালাতে এসেছিলেন বলে স্বজনরা জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দুরা থেকে আসা নসিমনটি পানালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের সামনে চলে আসে। মোটরসাইকেল আরোহীদের এড়াতে গিয়ে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে নসিমনটির সংঘর্ষ হয়।

এতে নসিমন চালক সাকিব ও বিক্রয় প্রতিনিধি সুমন দত্ত নসিমনের নিচে চাপা পড়েন। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত সুমন দত্তকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। আহত আরিফ হোসেন নামে আরও একজনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত সুমন দত্ত উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল এলাকায় থাকেন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল ও হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। পুলিশ সূত্র জানায়, রোববার দুপুরে একটি কোম্পানির তরল পানীয় বিক্রির জন্য নসিমনটি বান্দুরার দিকে যায়। বিকালে ফেরার পথে পানালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নুরুন্নবী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।