দেবিদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কুমিল্লার দেবিদ্বারে হত্যা ও সন্ত্রাসবিরোধী নাশকতা মামলায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। রোববার দুপুরে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলো- দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার এলাহাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আল-আমিন অভি (২৯) এবং দেবিদ্বার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও একই ইউনিয়নের বাগুর গ্রামের বাবুল সরকারের ছেলে মো. আশরাফুল সরকার রাতুল (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০২৪ সালের ৫ই আগস্ট আমিনুল ইসলাম সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করা হয়, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২০২৪ সালের ১৪ই সেপ্টেম্বর আমিনুল ইসলাম সাব্বির মারা যান। ওই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আটক আল-আমিন অভি এজাহারভুক্ত ৪৪ নম্বর আসামি ছিলেন। ঘটনার পর থেকে অভি পলাতক ছিল, তা ছাড়া সম্প্রতি গত ১৮ই সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিলের পর মুরাদনগর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলায় ১৯ নম্বর এজাহারনামীয় আসামিও অভি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, দেবিদ্বার থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় ছাত্রলীগের প্ল্যাকার্ড হাতে সরকারবিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতির তদন্তে পাওয়া আসামি আশরাফুল সরকার রাতুলকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে।