বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে দপ্তরের বিভিন্ন প্রকল্পের নথিপত্র ও বাস্তবায়ন পরিস্থিতি যাচাই বাছাই করা হয়েছে। রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশনের একটি বিশেষ এনফোর্সমেন্ট টিম বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের তথ্য ও নথিপত্র চাওয়া হয়। পরে এসব প্রকল্পের ফাইল, দরপত্র-সংক্রান্ত কাগজপত্র, মাস্টাররোলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি যাচাই বাছাই করেন দুদকের কর্মকর্তারা। এরপর দুদকের এনফোর্সমেন্ট টিম বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকীছড়া পাড়ায় যায়। সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সরজমিন পরিদর্শন করে কাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি যাচাই করা হয়।
দুদকের সহকারী পরিচালক আবদুল আল নোমান জানান, বান্দরবানের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, টিউবওয়েল স্থাপন, রেইন ওয়াটার হারভেস্টিং ও স্যানিটেশন প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন না হওয়া এবং কিছু প্রকল্পের কাজ নিম্নমানের হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতেই এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, পর্যায়ক্রমে বান্দরবানের বিভিন্ন উপজেলায় গিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত প্রকল্পগুলো সরজমিন পরিদর্শন ও যাচাই-বাছাই করা হবে। এর অংশ হিসেবে লামা, আলীকদম, থানচি, নাইক্ষ্যংছড়ি ও রোয়াংছড়ি উপজেলায়ও যাবে দুদকের টিম। প্রকল্পগুলোর বাস্তবায়ন কতোটুকু হয়েছে, কাজের মান কেমন এবং অভিযোগের সত্যতা রয়েছে কি না- এসব বিষয় যাচাই করে প্রতিবেদন দাখিল করা হবে। দুদকের এই কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত যেসব প্রকল্প পরিদর্শন করা হয়েছে, সেগুলোর কাজ প্রাথমিকভাবে সন্তোষজনক বলে মনে হয়েছে।
