কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের আবাসিক এলাকায় মধ্যপাড়া গ্রামে বন্ধ থাকা লেড এসিড ব্যাটারি রিসাইক্লিং কারখানা পুনরায় চালুর উদ্যোগের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। শনিবার রাত আটটার দিকে মধ্যপাড়া বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় লেড এসিড ব্যাটারি রিসাইক্লিং কারখানাটি প্রায় ৪ মাস পূর্বে ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দেয়। সমপ্রতি কারখানাটি পুনরায় চালুর পাঁয়তারা শুরু করে। এটি পুনরায় চালু হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়তে পারে। জনদাবির পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ-২, (কটিয়াদী পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে স্থানীয়রা জানান।
তবে ওই নির্দেশ উপেক্ষা করে একটি মহল কারখানাটি পুনরায় চালুর চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। কেজি এন্টারপ্রাইজ লেড এসিড ব্যাটারি রিসাইক্লিং কারখানার পরিচালক মো. শাহজাহান বলেন, এটি একটি যৌথ ব্যবসা প্রতিষ্ঠান, এখানে প্রতিদিন ৫০ জন কর্মচারী কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তিনি আরও বলেন, আমি বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে সকল আইন-কানুন মেনেই কারখানা চালু করেছি। পরিবেশ অধিদপ্তরের লোকজন একাধিক বার পরিদর্শন করে মেশিনগুলো চালিয়ে দেখে, সকল প্রকার যাচাই-বাছাই করে ছাড়পত্র দিয়েছেন। কারখানাটি সাময়িক বন্ধ থাকলে আমরা হাইকোর্টের আদেশ নিয়ে পুনরায় চালু করেছি।
পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া জানান, ভ্রাম্যমাণ আদালতে কারখানাটি বন্ধ করে দিলে ছাড়পত্র বাতিল করা হয়। কারখানা কর্তৃপক্ষ হাইকোর্টের একটি স্ট্যাটাসকো আদেশ নিয়ে কারখানাটি পুনরায় চালু করেন। উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ জানান, কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে। গোপনে পুনরায় চালু করতে চাইলে এলাকাবাসী সড়ক অবরোধ করে। আমাদেরকে অবগত না করে কেন চালু করার চেষ্টা করলো এ ব্যাপারে তাদেরকে ডাকা হবে।
