সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা পারভেজ গ্রেপ্তার

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা পারভেজ গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ আহমেদ (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পারভেজ ওই এলাকার আতাউর রহমানের ছেলে এবং নবগঠিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ জানায়, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করতে এবং সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছিলেন পারভেজ। এ ছাড়া, বিভিন্ন সময়ে তিনি ঝটিকা মিছিল-মিটিং করার অপতৎপরতা চালিয়েছেন। তাই সরকারবিরোধী নানা অপতৎপরতা রুখতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রসঙ্গে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মানবজমিনকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও পারভেজ বিভিন্ন সময় সরকারবিরোধী অপতৎপরতা সংগঠিত করার চেষ্টা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মামলাও রয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।