প্রেস ক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে জাহিদ হাসান টুকুন সভাপতি ও নুর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার এক উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে একটানা বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৪টায় ভোট গণনা সম্পন্ন করেন। নির্বাচনে ৬৮ ভোট পেয়ে স্থানীয় দৈনিক যশোরের প্রকাশক সম্পাদক জাহিদ হাসান টুকুন সভাপতি নির্বাচিত হন। ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার নুর ইসলাম। দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ও দৈনিক সুবর্ণভূমি পত্রিকার সিনিয়র সাংবাদিক সরোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হন।
একইভাবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক সুবর্ণভূমি পত্রিকার সিনিয়র সাংবাদিক কাজী আশরাফুল আজাদ ও দৈনিক কালেরকণ্ঠের স্টাফ রিপোর্টার ফিরোজ গাজী। কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক নতুন সকালের বার্তার সিনিয়র সাংবাদিক জাহিদ আহমেদ লিটন। দপ্তর সম্পাদক পদেও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক লোকসমাজের বিশেষ প্রতিনিধি তৌহিদ মনি। ৫৯ ভোট পেয়ে ক্রীড়া-সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম। এদিকে সদস্য পদে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন নির্বাচিত হয়েছেন।
তারা হলেন- শহিদ জয় ৯৬, রফিকুল ইসলাম ৯২, মুর্শিদুল আজিম হিরু ৭৯, গালিব হাসান পিল্টু ৮১, এস এম সোহেল ৬২ ও তৌহিদ জামান ৫৯ ভোট। প্রেস ক্লাব যশোরের কার্যালয়ে ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিশনের সদস্য সচিব এড. হাজী আনিছুর রহমান মুকুল ও সদস্য জেলার সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম উপস্থিত ছিলেন।
