সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার প্রত্যাহার

ফন্ট সাইজ:

নোয়াখালীর সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। বর্তমানে সেনবাগ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন ওসি (তদন্ত) হযরত আলী মিলন। ?জানা গেছে, নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের (সাবেক কাবিলপুর ইউনিয়ন) বটতলা বাজার এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ এবং সেনবাগ পৌরসভার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভোজে অংশ নেয়ার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়। এর আগে, বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে সেনবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

উক্ত মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ?তবে ভোজে অংশ নেয়ার অভিযোগটি অস্বীকার করে ওসি আবদুর রহিম সরকার বলেন, কানকিরহাটে একটি মাদকবিরোধী সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়ার পথে স্থানীয় বেলাল কমিশনারের অনুরোধে ব্যবসায়ী শাহজাহান খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান।

তিনি সেখানে অত্যন্ত সংক্ষিপ্ত সময় অবস্থান করেন এবং কানকিরহাটের উদ্দেশ্যে রওনা হন। ভুরিভোজের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।
এদিকে, ওসি আবদুর রহিম সরকারের প্রত্যাহারের খবরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দায়িত্ব পালনকালে তিনি সর্বদা সচেতন ছিলেন এবং সেনবাগে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন। স্থানীয়দের মতে, তিনি স্বল্প সময়ে সেনবাগের মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন।