শিক্ষাব্যবস্থা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়

শিক্ষাব্যবস্থা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়

ফন্ট সাইজ:

কুমিল্লার শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজাতে ‘এডুকেশন সিস্টেম ইন কুমিল্লা কনসেপ্ট’-এর ধারণাপত্র নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লার একটি প্রতিনিধিদল। গতকাল রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুরুতে ‘এডুকেশন সিস্টেম ইন কুমিল্লা কনসেপ্ট’-এর ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

ধারণাপত্রে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে গতানুগতিক শিক্ষাব্যবস্থার বাইরে গিয়ে নীতি-নৈতিকতা, মূল্যবোধ এবং প্রতিটি পর্যায়ে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়। শিক্ষার্থীদের আধুনিক ও বাস্তবমুখী শিক্ষায় গড়ে তোলার বিষয়টিও এতে গুরুত্ব পায়। মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, শিক্ষা সচিব আব্দুল খালেক, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এনডিসি, কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম, সিসিএন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. তরিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান ড. শাহ মোহাম্মদ সেলিম, অজিতগুহ কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলামসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় মনিরুল হক চৌধুরী এমপি বলেন, কুমিল্লা শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের জেলা। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এ অঞ্চল শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সময়ে দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কুমিল্লার শিক্ষাক্ষেত্রের অবদানকে আরও বেগবান করতে ‘এডুকেশন সিস্টেম ইন কুমিল্লা কনসেপ্ট’ উপস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, এ লক্ষ্যে ১০১ জন শিক্ষাবিদকে নিয়ে কমিটি গঠন করে কাজের মাধ্যমে ধারণাপত্রটি প্রস্তুত করা হয়েছে। আগামী ২৮শে নভেম্বর কুমিল্লায় পূর্ণাঙ্গ কুমিল্লা কনসেপ্ট উপস্থাপন করা হবে। অনুষ্ঠানে প্রেসিডেন্ট উপস্থিত থাকার প্রাথমিক সম্মতি দিয়েছেন। শিক্ষামন্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, মনিরুল হক চৌধুরী দেশের একজন জ্যেষ্ঠ ও মেধাবী রাজনীতিবিদ। তার মেধা, মনন ও অভিনব চিন্তাধারার সঙ্গে আমরা বিগত সময়ে পরিচিত হয়েছি। এরই ধারাবাহিকতায় শিক্ষাব্যবস্থা নিয়ে ‘কুমিল্লা কনসেপ্ট’ নামে যে ধারণাপত্র তৈরি করা হয়েছে, তা তার বিচক্ষণতার পরিচায়ক।