নবীনগরে কিশোর গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারের লঞ্চঘাট ও স্পিডবোট ঘাট এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনায় ছুরিকাঘাতসহ হামলায় চার কিশোর আহত হয়েছেন। গুরুতর আহত মিরাফ (১৮)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
জানা যায়, সন্ধ্যায় লঞ্চঘাট এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে জল্লা গ্রামের রিপন মিয়ার ছেলে মিরাফকে ছুরিকাঘাত করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘাট ও বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন- জল্লা গ্রামের রিপন মিয়ার ছেলে মিরাফ (১৮), মাঝিকাড়া গ্রামের জুরু মিয়ার ছেলে আজিজ (১৮), ভোলাচং গ্রামের আমির হোসেনের ছেলে ইসমাইল (১৯) এবং নবীনগর পশ্চিমপাড়ার শাহ জালালের ছেলে সাইফ (১৭)।

থানা ও স্থানীয় সূত্রে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে হামিম (১৯), আরাফাত (১৯), আতিক সিয়াম (১৯), ইমন (১৯) ও মাহি (১৯); এদের নেতৃত্বেই হামলার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত মিরাফের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।