ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে মরিয়ম খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি’র তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান মানবজমিন’কে বলেন, খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরিয়মের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। এরপর থানা পুলিশ ওই ফ্লাটের রুমে প্রবেশ করবে। তবে তিনি আত্মহত্যা করেছেন না কি তাকে হত্যা করা হয়েছে এবিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি।

উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ওই ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগ এনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।