সুত্রাপুরে ব্যাটারিচালিত অটোরিক্সা ও সিএনজি সংঘর্ষে নিহত ২

ফন্ট সাইজ:

রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় সিএনজি ও অটোরিক্সা সংঘর্ষে প্রমোত সরকার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রমোতকে হাসপাতালে নিয়ে আসা ভাই কল্যাণ কুমার সিংহ বলেন, আমার ভাই পেশায় একজন একটি কোম্পানির ডিলার। বিকালের দিকে মালামাল নিয়ে একটি অটোরিক্সায় যাওয়ার পথে সিএনজি এবং অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। আমরা জানতে পেরেছি ঘটনাস্থলেই অটোরিক্সা চালক মারা যায়, পরে আমরা ভাইকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। কুমার সিংহ জানান, তাদের বাসা সূত্রাপুরের হেমন্দ্র দাস রোড। মৃত রাম হরি সরকার তার পিতা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।