পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

ফন্ট সাইজ:

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে বরগুনার তালতলী থেকে ঢাকাগামী ইমরান ট্রাভেলসের একটি বাসের সঙ্গে পটুয়াখালী থেকে গলাচিপা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি যানবাহনই সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কাজ শুরু করে। পুলিশের রেকার দিয়ে বাসটি টেনে তোলার পর খাদ থেকে ইজিবাইক চালক কাইয়ুম প্যাদা (৫০), বাইকের যাত্রী শিল্পী রানী (৪০) ও তিথী রানী (২৩) তিনজনের লাশ উদ্ধার করা হয়। আহত দুইজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পর ইজিবাইক চালকের শ্যালক মো. জাহাঙ্গীর মারা যান বলে পুলিশ জানায়। এতে মোট চারজনের মৃত্যু ঘটে।

এদের সকলের বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া-বৌ বাজার এলাকায়। নিহত ৪ জনই ইজিবাইকের যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেপরোয়া গতির কারণে বাসের চালক মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে মেরে দেয়। পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যান দু’টি উদ্ধার করে। এ সময় তিনজনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান ৪ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক পলাতক রয়েছে। ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা দুপুরে লাশ নিয়ে গেছে বলে ওসি মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।